হেলিকপ্টারে ফটিকছড়িতে নেমেই বাবুনগর মাদরাসায় গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে পেহেলগাজী দিঘীর মাঠে হেলিকপ্টারযোগে অবতরণের পর তিনি সরাসরি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করতে মাদরাসায় যান। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পেহেলগাজী মাঠ ও আশপাশের এলাকায় স্থানীয় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বাবুনগর মাদরাসায় হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। সাক্ষাৎ শেষে তাঁর হাটহাজারী যাওয়ার কথা রয়েছে। সেখানে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসায় হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করার কথা রয়েছে।
দিনভর চট্টগ্রাম সফর
প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের কর্মসূচি শুরু হয় সকালেই। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
পরে দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখান থেকে বিকেলে ফটিকছড়িতে আসেন তিনি।
নিরাপত্তার কড়াকড়ি
প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফটিকছড়িতে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। পেহেলগাজী দিঘীর মাঠে হেলিকপ্টার অবতরণের আগে থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠ ও আশপাশের এলাকায় অবস্থান নেন। প্রধানমন্ত্রীর আগমনের খবর পেয়ে তাঁকে একনজর দেখতে স্থানীয় মানুষের ভিড়ও বাড়তে থাকে।
ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ এবং এরপর হাটহাজারীতে শাহ আহমদ শফীর কবর জিয়ারতের কর্মসূচি তাঁর চট্টগ্রাম সফরে বিশেষ গুরুত্ব পেয়েছে।
কালের সমাজ/কে.পি

