রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলীয় প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) দলের এক জ্যেষ্ঠ নেতা এ তথ্য জানিয়েছেন।
ওই নেতা জানান, মির্জা ফখরুলের নাম রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে প্রায় চূড়ান্ত করেছে বিএনপি। দীর্ঘদিন ধরে দলের মহাসচিবের দায়িত্ব পালন করা এই নেতাই রাষ্ট্রপতি পদে দলের পছন্দ বলে তিনি জানান।
এর আগে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির দুই জ্যেষ্ঠ নেতা—দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব বিএনপির জাতীয় স্থায়ী কমিটি প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান তারেক রহমানের ওপর অর্পণ করেছিল।
জাতীয় সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি। তবে এ ক্ষেত্রে সংসদে সমর্থনের সমীকরণে বড় কোনো পরিবর্তন না আসাটাই মূল বিষয়।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রয়োজন হলে ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ হবে। তবে মির্জা ফখরুলই যদি একমাত্র বৈধ প্রার্থী হন, সেক্ষেত্রে ভোটগ্রহণের প্রয়োজন হবে না; তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা যেতে পারে।
এর আগে গত ২৪ জুলাই মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করায় রাষ্ট্রপতির পদ শূন্য হয়। বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।
সংবিধান ও রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।
কালের সমাজ/কে.পি

