ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরায় কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জেলা প্রতিনিধি,সাতক্ষীরা | আগস্ট ১২, ২০২৬, ০৫:১৪ পিএম সাতক্ষীরায় কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সাতক্ষীরা জেলা কারাগার ভেঙে পালিয়ে যাওয়া ৮৭ আসামির মধ্যে আরও দুই সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে পৃথক সময়ে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে মো. মোজাম গাজী (৪৯) এবং নওয়াবেকী গ্রামের তাবের গাজীর ছেলে মো. রফিকুল ইসলাম (৩৮)।

সাতক্ষীরা জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট সাতক্ষীরা জেলা কারাগার ভেঙে মোট ৫৯৬ জন বন্দি পালিয়ে যায়। পরে পলাতক বন্দিদের কারাগারে ফিরে আসার জন্য দুই দিনের সময় দিয়ে গণবিজ্ঞপ্তি প্রচার করা হলে ৫০৯ জন কারাগারে ফিরে আসেন। বাকি ৮৭ জনের বিরুদ্ধে সাতক্ষীরা জেলা কারা কর্তৃপক্ষ বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করে।

পুলিশ জানায়, ওই মামলার পলাতক আসামি মোজাম গাজী একটি মামলায় আদালতের দেওয়া এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৬ লাখ টাকা জরিমানার সাজাপ্রাপ্ত।

অপরদিকে, রফিকুল ইসলাম একটি মামলায় ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৯ লাখ ৮০ হাজার টাকা জরিমানার সাজাপ্রাপ্ত। তাদেরকে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্যামনগর থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে বলে জানিয়েছে জেলা পুলিশ।

গ্রেপ্তার দুই আসামিকে সাতক্ষীরা সদর থানায় দায়ের করা কারাগার ভাঙার মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশ জানিয়েছে, এখনও জেলার বিভিন্ন এলাকায় পলাতক ৩৯ আসামি রয়েছে। তাদের গ্রেপ্তারে জেলার সংশ্লিষ্ট সব থানাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।

কালের সমাজ/কে.পি

Link copied!