ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কালের সমাজ ডেস্ক | আগস্ট ১২, ২০২৬, ০৪:৩৩ পিএম হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৫ জনের শরীরে হাম অথবা এ রোগের উপসর্গ শনাক্ত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা ও বরিশাল বিভাগে একজন করে মোট দুই শিশুর মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে। অন্যদিকে রাজশাহী বিভাগে হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে ১২ আগস্ট পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট ৮৮৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৭৮৬ জন এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৯ জনের।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ৯৪১ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ শনাক্ত হয়েছে মোট ১ লাখ ৩৯ হাজার ১২৫ জনের। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৪৬৯ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ২১ হাজার ১৩ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮২৭ জন।


কালের সমাজ/কে.পি

 

Link copied!