ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা

মোঃ ইয়াছিন পালোয়ান, ফরিদগঞ্জ (চাঁদপুর) | আগস্ট ২৭, ২০২৬, ০৪:৩৮ পিএম ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা

চাঁদপুরের ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট (বৃহস্পতিবার) বেলা ১২টায় কলেজের হলরুমে শিক্ষক পরিষদের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কলেজের শিক্ষার্থীরা হামদ, নাত ও গজল পরিবেশন করেন। পরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম, আদর্শ ও মানবতার কল্যাণে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ মো. মাছুম বিল্লাহ্। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ নেপাল চন্দ্র দেবনাথ। কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে এবং আইসিটি বিভাগের প্রভাষক মোবারক করিম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক শরিফ মো. আব্দুল কুদ্দুস, গণিত বিভাগের প্রভাষক মো. বেলায়েত হোসেন, সমাজকল্যাণ বিভাগের প্রভাষক মো. আনিসুর রহমান মজুমদার এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোঃ রেদোয়ান হোসাইন। 

বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবনাদর্শ অনুসরণ করলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়, শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব। শিক্ষার্থীদের মহানবী (সা.)-এর আদর্শ ও নৈতিক শিক্ষায় অনুপ্রাণিত হয়ে নিজেদের জীবন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। এ সময় উপস্থিত ছিলেন ভূগোল বিভাগের প্রভাষক শাহীনা আক্তার, সমাজকর্ম বিভাগের প্রভাষক সামিয়া আফরোজ, রোমেনা সুলতানা, রসায়নবিজ্ঞান বিভাগের প্রভাষক নিঝুম সাহা, কৃষি শিক্ষা বিভাগের প্রভাষক মোঃ মোবারক হোসাইন মোল্লা, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক শারমিন আক্তার, আব্দুল হান্নান শেখ, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ফাহিমা সুলতানাসহ কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা। আলোচনা সভায় মহানবী (সা.)-এর শান্তি, মানবতা, ন্যায় ও ভ্রাতৃত্বের শিক্ষা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। অনুষ্ঠান শেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি দরুদ ও সালাম পেশ এবং দেশ, জাতি, কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সবার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করা হয়।

কালের সমাজ/কে.পি

Link copied!