ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

দিনাজপুরে আনসার-ভিডিপি পরিবেশ রক্ষা ও বজ্রপাত রোধে তালবীজ রোপণ করছে

কালের সমাজ ডেস্ক | সেপ্টেম্বর ৭, ২০২৬, ০৭:৫৫ পিএম দিনাজপুরে আনসার-ভিডিপি পরিবেশ রক্ষা ও বজ্রপাত রোধে  তালবীজ রোপণ করছে

পরিবেশের ভারসাম্য রক্ষা, পরিবেশগত উন্নয়ন এবং বজ্রপাতজনিত প্রাণহানি রোধের লক্ষ্য নিয়ে দিনাজপুর জেলায় ৩০ হাজার তালবীজ রোপণ ও পরিচর্যার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ৭ সেপ্টেম্বর সোমবার সকালে নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও বীরগঞ্জ উপজেলায় একযোগে তালবীজ রোপণ কার্যক্রমের শুভ সূচনা করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন আনসার ও ভিডিপি দিনাজপুর জেলা কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মোঃ নুরুজ্জামান, পিভিএম, পিভিএমএস। প্রথম ধাপে নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও বীরগঞ্জ উপজেলায় রোপণ শুরু হলেও পরবর্তীতে সমগ্র জেলায় ধাপে ধাপে ১৫ থেকে ১৭ হাজার এবং চূড়ান্ত পর্যায়ে সর্বমোট ৩০ হাজার তালবীজ রোপণ সম্পন্ন করা হবে। রোপিত বীজগুলোর সার্বিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণও নিশ্চিত করবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

​ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ সুরক্ষায় উদ্বুদ্ধ করতে নবাবগঞ্জের খয়েরগুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সরাসরি এ কার্যক্রমে সম্পৃক্ত করা হয়। আয়োজকরা জানান, শিশুরা আগামীর বাংলাদেশের কাণ্ডারি। তাদের সাথে নিয়ে এ ধরণের ইতিবাচক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে স্থানীয়দের মাঝেও বৃক্ষরোপণের তাগিদ তৈরি করা সম্ভব হবে।

​গ্রাম বাংলার রূপ সৌন্দর্য বৃদ্ধি, পাখির আবাসন নিশ্চিতকরণ এবং সুস্বাদু ফলের চাহিদা পূরণের পাশাপাশি প্রাকৃতিক বজ্রনিরোধক হিসেবে তালগাছের ভূমিকা অপরিসীম। পরিবেশ সংরক্ষণের এই ধারা অব্যাহত রাখতে গত বছরও দিনাজপুর জেলায় বাহিনীর নিজস্ব ব্যবস্থাপনায় ১৩ হাজার তালবীজ রোপণ করা হয়েছিল। ধারাবাহিক এই উদ্যোগ দিনাজপুর জেলার সামগ্রিক পরিবেশগত চিত্র বদলে দিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

কালের সমাজ/কে.পি

Link copied!