সবুজের আচ্ছাদনে দাঁতমারাকে আরও সমৃদ্ধ ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার প্রত্যয়ে ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের পাশাপাশি স্থানীয়দের মধ্যে চারা বিতরণ করা হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচিতে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
সবুজ আন্দোলনে সামাজিক সংগঠনের এগিয়ে আসার আহ্বান
আয়োজকরা বলেন, একটি গাছ শুধু প্রকৃতির সৌন্দর্য বাড়ায় না, মানুষের জীবন ও পরিবেশ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা চারার নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
কর্মসূচিতে গাছের চারা দিয়ে সহযোগিতা করেন অ্যাডভোকেট ইউসুফ আলম মাসুদ। পরিবেশ রক্ষায় এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
কালের সমাজ/কে.পি

