ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ঝালকাঠিতে নদীর ভাঙ্গন প্রতিরোধ  ও রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি,ঝালকাঠি | সেপ্টেম্বর ১৩, ২০২৬, ০৬:৪৩ পিএম ঝালকাঠিতে নদীর ভাঙ্গন প্রতিরোধ  ও রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

ঝালকাঠির নলছিটি উপজেলার ৯নং দপদপিয়া ইউনিয়নের ৫ নং ও ৭নং ওয়ার্ডের পূর্ব ভরতকাঠি এবং পশ্চিম বীর নারায়ণ গ্রামে নদী ভাঙ্গনের ক্ষতিগ্রস্ত সাধারণ খেটে খাওয়া মানুষ এবং ভুক্তভোগী পরিবার খয়রাবাদ নদীর অব্যাহত ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন করেছেন।
১৩ সেপ্টেম্বর রবিবার, বেলা ১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়কে দপদপিয়া ইউনিয়ন খয়রাবাদ নদী ভাঙন প্রতিরোধ সংগ্রাম কমিটির উদ্যোগে ঘন্টাব্যাপী  অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিশু-কিশোরসহ শতাধিক ভুক্তভোগী মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ একশো বছর ধরে পূর্ব ভরতকাঠী থেকে পশ্চিম বীর নারায়ণ পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে খয়রাবাদে নদীর ভাঙ্গন চলছে। ইতিমধ্যে দুই শতাধিক পরিবারের বাপ-দাদার ভিটা নদীগর্ভে বিলীন হয়েছে । অবৈধ বালু উত্তোলনের কারণে ভাঙন আরো ভয়াবহ আকার নিয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৭ জুন ২০২৬ ইংরেজি তারিখে নলছিটি উপজেলা পরিষদের সম্মুখে ভুক্তভোগী হিসেবে আমরা একটি মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছি কিন্তু দীর্ঘ তিন মাস অতিবাহিত হলোও এখনো পর্যন্ত আমরা কোন সমাধান বা কোনো ব্যবস্থা গ্রহণের আশা পাইনি।

এ সময় বক্তারা জরুরী ভিত্তিতে এক কিলোমিটার নদীর তীরে ভাঙ্গন প্রতিরোধ এবং অবৈধ বালি উত্তোলন বন্ধ করার ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মানববন্ধন শেষে ভুক্তভোগী পরিবার এবং এলাকাবাসীর পক্ষে খয়রাবাদ নদী ভাঙ্গন সংগ্রাম কমিটি জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন ।

জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ করে বিকাল ৩ ঘটিকায় তাদের সঙ্গে বসার আশ্বাস দেন ।

কালের সমাজ/কে.পি

Link copied!