গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ভীষ্মদেব মন্ডলের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
সভায় নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.ভীষ্মদেব মন্ডল মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের সেবার সুযোগ বৃদ্ধি এবং সাধারণ মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে তাঁর পরিকল্পনা ও মতামত তুলে ধরেন।
এ সময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন ‘সাপ্তাহিক বাংলার নয়ন’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শহিদুল ইসলাম বিলায়েত মিয়া, ‘জাতীয় সাপ্তাহিক মধুমতি কণ্ঠ’ পত্রিকার সম্পাদক ও মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শহিদ, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়াসহ অন্য নেতারা। বক্তারা হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং মুকসুদপুরের মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও মানসম্মত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
কালের সমাজ/কে.পি

