ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, দুদকের অনুসন্ধান

কালের সমাজ ডেস্ক | সেপ্টেম্বর ১৩, ২০২৬, ০৯:৪৩ পিএম আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, দুদকের অনুসন্ধান

সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন দেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে সুইস ব্যাংকে অর্থ জমা এবং বিদেশে বিপুল পরিমাণ সম্পদ ও বিনিয়োগের অভিযোগও রয়েছে।

এসব অভিযোগের ভিত্তিতে আসিফ মাহমুদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরুর সিদ্ধান্ত নিয়েছে দুদক। রোববার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থাটির জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজির আহমেদ।

দুদক কর্মকর্তা জানান, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থপাচারের বিভিন্ন অভিযোগ এসেছে। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনে নিয়োগ, ডিসি পদায়ন এবং বিভিন্ন সিটি করপোরেশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পে টেন্ডার, নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে অর্থ লেনদেনের অভিযোগও রয়েছে।

এ ছাড়া গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সেতু নির্মাণ, সায়েদাবাদ পানি শোধনাগর এবং শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্পে ব্যয় বাড়িয়ে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে দুদক।

তানজির আহমেদ বলেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে বিপুল অর্থ পাচার করে পর্তুগাল, দুবাই, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ায় সম্পদ গড়ে তোলার পাশাপাশি সুইস ব্যাংকে অর্থ রাখার অভিযোগও রয়েছে।

তার বাবা, এপিএস ও পিওর বিরুদ্ধেও ঠিকাদারি সিন্ডিকেট নিয়ন্ত্রণ, ঘুষ লেনদেনে তদবির এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এসেছে বলে জানান দুদক কর্মকর্তা।

তিনি বলেন, অভিযোগগুলো যাচাই-বাছাই শেষে চলমান অনুসন্ধানের সঙ্গে যুক্ত করে এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

কালের সমাজ/কে.পি
 

Link copied!