ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

জাজিরায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা শামীম মাদবর গ্রেপ্তার

জেলা প্রতিনিধি,শরীয়তপুর | সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০৯:৩০ পিএম জাজিরায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা শামীম মাদবর গ্রেপ্তার

শরীয়তপুরের জাজিরায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ও জাজিরা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামীম মাদবরকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) জাজিরা থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, জাজিরা থানাধীন জাজিরা পৌরসভা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জাজিরা থানা পুলিশের একটি দল। অভিযানে পৌরসভার দক্ষিণ ডুবলদিয়া এলাকায় নিজ বসতবাড়ি থেকে শামীম মাদবরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শামীম মাদবর জাজিরা উপজেলার দক্ষিণ ডুবলদিয়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আব্দুল মালেক মাদবরের ছেলে।
 

পুলিশ জানায়, শামীম মাদবর জাজিরা থানায় তদন্তাধীন সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। জাজিরা থানার মামলা নম্বর-০৪, তারিখ ৪ জুলাই ২০২৬। মামলাটিতে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৯/৮/৭/১০/১১/১২ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলাটির জিআর নম্বর-১৯০। গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে শামীম মাদবরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
জাজিরা থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তবে মামলার অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।

কালের সমাজ/কে.পি
 

Link copied!