কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। শনিবার (৩ অক্টোবর) দুপুরে টেকনাফ থানার ৪ নম্বর ওয়ার্ডের মহেশখালীপাড়া মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন পুরুল্লার ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মহেশখালীপাড়া পুরুল্লার ঘাটসংলগ্ন এলাকায় কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এর ভিত্তিতে শনিবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে এসআরবি-১৫-এর একটি চৌকস দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে।
আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে হেফাজত থেকে মোট ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—
ইমাম হোসেন (৪৫), পিতা মৃত মোহাম্মদ ইসলাম, মাতা আজুন্নেছা, এফসিএন নম্বর-৩০০২৯৩, কুতুপালং ক্যাম্প-১৭, ব্লক-S109, উখিয়া, কক্সবাজার।
নূর আলম (২৭), পিতা নুর ইসলাম, মাতা নুর বাহার, এফসিএন নম্বর-২৬৭৯৮১, বালুখালী ক্যাম্প-১৮, উখিয়া, কক্সবাজার।
জম মুল্লোক (৫০), পিতা আলী হোসেন, মাতা মৃত মুস্তফা খাতুন, এফসিএন নম্বর-১২৫২৩০ (T67-00082536), বালুখালী ক্যাম্প-১৮, উখিয়া, কক্সবাজার।
এসআরবি-১৫ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা আলামতসহ তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকদ্রব্যের বিস্তার রোধ ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।
কালের সমাজ/কে.পি

