ঢাকা রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

মাগুরায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে,নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা

কালের সমাজ ডেস্ক | অক্টোবর ৪, ২০২৬, ১০:১৯ পিএম মাগুরায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে,নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা

মাগুরায় শারদীয় দুর্গাপূজা উদযাপনকে কেন্দ্র করে জেলার বিভিন্ন পূজামণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। প্রতিমায় রংয়ের প্রলেপ,মণ্ডপসজ্জা,আলকসজ্জা ও সৌন্দর্যবর্ধনের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা।

 প্রশাসন,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির সমন্বিত উদ্যোগে এবারও উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।জেলা প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,চলতি বছর মাগুরা জেলায় মোট ৬৪৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে মাগুরা সদর উপজেলায় ২২৭টি,শ্রীপুর উপজেলায় ১৫৮টি,মহম্মদপুর উপজেলায় ১২৭টি এবং শালিখা উপজেলায় ১৩২টি মণ্ডপ রয়েছে।

প্রশাসনের তথ্য অনুযায়ী,মাগুরা সদরে ১৫টি মণ্ডপকে ঝুঁকিপূর্ণ এবং ৫টি মণ্ডপকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া শ্রীপুর উপজেলায় ১২টি,মহম্মদপুর উপজেলায় ৪টি এবং শালিখা উপজেলায় ১৬টি মণ্ডপ ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত হয়েছে। এসব মণ্ডপে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।মাগুরা পৌরসভাসহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে,অধিকাংশ মণ্ডপে প্রতিমা নির্মাণের কাজ প্রায় শেষ।এখন চলছে রঙের প্রলেপ,সাজসজ্জা ও আলোকসজ্জার কাজ। পূজার আগেই সব প্রস্তুতি সম্পন্ন হবে বলে জানিয়েছেন আয়োজকরা।বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মাগুরা জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস বলেন,আগামী ১৭ অক্টোবর থেকে শারদীয় দুর্গাপূজা শুরু হয়ে ২১ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। বর্তমানে প্রতিমার রঙের কাজ ও মণ্ডপসজ্জার কাজ চলছে। 

সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি,সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন হবে।মাগুরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আব্দুল কাদের বলেন,দুর্গাপূজা উপলক্ষে আগামী ৭ অক্টোবর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। সেখানে নিরাপত্তা,বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা,ট্রাফিক ব্যবস্থাপনা ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে আলোচনা করা হবে। জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে,যাতে উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হয়।মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন,পিপিএম-সেবা বলেন,শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রতিটি মণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ মণ্ডপে অতিরিক্ত পুলিশ মোতায়েন,টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হবে। পাশাপাশি আনসার সদস্য,স্বেচ্ছাসেবক ও স্থানীয় কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করা হবে।


আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রেখে উৎসব উদযাপনের আহ্বান জানাচ্ছি। ইতোমধ্যে মণ্ডপগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি ঘিরে আইনশৃঙ্খলা জোরদার হওয়ায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়েছে।

কালের সমাজ/কে.পি

Link copied!