ঢাকা রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

পরিবেশের ভারসাম্য রক্ষায় ইবিতে বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

ইবি | অক্টোবর ৪, ২০২৬, ০৯:৫৩ পিএম পরিবেশের ভারসাম্য রক্ষায় ইবিতে বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ ক্যাম্পাসের সৌন্দর্য অটুট রাখার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)  বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরাম।

রোববার (৪ অক্টোবর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের দক্ষিণ পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে আম, কাঁঠাল ও লটকন—এই তিন প্রজাতির ফলদ গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতেয়ফোরামের উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের IEER-এর পরিচালক ও আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল কাদের, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মুফিজুর রহমান এবং বিএনসিসির উপ-রেজিস্ট্রার জনাব মিজানুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় ফোরামের নেতৃবৃন্দ ও সদস্যদের সঙ্গে শিক্ষক ও কর্মকর্তারা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

সভাপতির বক্তব্যে মোঃ সাইফুল্লাহ বলেন, “বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় অন্যতম সুন্দর ও সবুজ ক্যাম্পাস। আমরা চাই, এই ক্যাম্পাসের সবুজায়ন সবসময় অটুট থাকুক। সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস—বৃক্ষরোপণ কর্মসূচি।”

তিনি বলেন, “রাসূল (সা.) বলেছেন, কিয়ামত সংঘটিত হওয়ার মুহূর্তেও কারও হাতে যদি একটি চারা গাছ থাকে, তাহলে সে যেন তা রোপণ করে দেয়। আমরা যখন এই ক্যাম্পাস থেকে চলে যাব, তখনও যেন আমাদের একটি স্মৃতি এই ক্যাম্পাসে থেকে যায়। আজকের এই চারাগুলো আগামী দিনে আমাদের ছায়া দেবে, অক্সিজেন দেবে, ইনশাআল্লাহ।”

এ সময় উপস্থিত শিক্ষকরা শিক্ষার্থীদের এমন পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা করেন এবং বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।

ফোরামের নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

কালের সমাজ/কে.পি

Link copied!