ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শ্রীপুরে পৈতৃক জমি দখলের চেষ্টা, চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ

জেলা প্রতিনিধি,গাজীপুর | অক্টোবর ১২, ২০২৬, ০৪:৪৭ পিএম শ্রীপুরে পৈতৃক জমি দখলের চেষ্টা, চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা, বসতবাড়িতে যাতায়াতের এজমালি রাস্তা কেটে অবরুদ্ধ করার অপচেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ আইন উদ্দিন (৫৮)।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আইন উদ্দিন জানান, শ্রীপুর থানাধীন তেলিহাটি মৌজার (জেএল-১০) আরএস ৪৩৪ নং খতিয়ানের ৬২০৪, ৬২০৫ ও ৬২০৬ নং দাগের জমি তাদের পৈতৃক সম্পত্তি। দীর্ঘদিন ধরে তারা এসব জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন বলে দাবি করেন তিনি।

তবে তার অভিযোগ, স্থানীয় প্রভাবশালী হুমায়ুন রশিদ, জসিম উদ্দিন, নুরুল আমিন, জহিরুল ও আল-আমীনসহ তাদের সহযোগীরা জমি দখলের উদ্দেশ্যে বেআইনিভাবে সীমানা প্রাচীর বিনষ্ট করার চেষ্টা করছেন। পাশাপাশি বসতবাড়ির দক্ষিণ পাশে জনসাধারণের চলাচলের একমাত্র এজমালি রাস্তাটি কেটে সেখানে আরসিসি পিলার স্থাপন করে তাদের পরিবারকে অবরুদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আইন উদ্দিন আরও অভিযোগ করেন, গত ২৪ সেপ্টেম্বর উক্ত জমিতে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণের কাজে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় তারা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলার চেষ্টা চালান এবং প্রাণনাশের হুমকি দেন বলে দাবি করেন তিনি। এমন পরিস্থিতিতে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটছে বলেও জানান ভুক্তভোগী।

এ বিষয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। পৈতৃক সম্পত্তি রক্ষা, বেআইনি দখলের চেষ্টা বন্ধ, চলাচলের রাস্তা উন্মুক্ত রাখা এবং পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ ঊর্ধ্বতন প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

তবে অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য এ প্রতিবেদনে পাওয়া যায়নি।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!