সাগরের বুকে একসময় ছিল মাছের প্রাচুর্য, জাল ফেললেই মিলত রুপালি ইলিশসহ নানা প্রজাতির মাছ। সেই সাগরেই এখন কমছে মাছের সংখ্যা, বাড়ছে জেলেদের জীবিকার অনিশ্চয়তা। অবৈধ কাঠবডি ট্রলিংয়ের মাধ্যমে নির্বিচারে মাছ আহরণ বন্ধের দাবিতে বাগেরহাটে মানববন্ধন করেছেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা ট্রলার মালিক ও জেলে পরিবারের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অনুমোদনহীন ট্রলিং জলযানগুলো ছোট ফাঁসের জাল দিয়ে মাছ শিকার করছে। এতে বড় মাছের পাশাপাশি ধ্বংস হচ্ছে ছোট মাছ ও বিভিন্ন প্রজাতির মাছের পোনা। ফলে সাগরে মাছের পরিমাণ কমছে, সংকটে পড়ছেন সাধারণ জেলেরা।
বগা মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহীম আমানী বলেন, একসময় সাগরে প্রচুর মাছ পাওয়া গেলেও এখন পরিস্থিতি বদলে যাচ্ছে। ট্রলিংয়ের কারণে মৎস্যসম্পদ ধ্বংসের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে জেলেদের জীবিকা ও রাষ্ট্রীয় সম্পদ।
মানববন্ধনে জেলে আক্কাস আলী, সাইদুল মোল্লা, নজরুল ইসলাম ও আশারেফ মোল্লাসহ অন্যরা বক্তব্য দেন।
বক্তারা অবৈধ ট্রলিং বন্ধ, ট্রলিংয়ে ধরা মাছের ক্রয়-বিক্রয় নিষিদ্ধ এবং সংশ্লিষ্ট বাজারগুলোতে অভিযান চালানোর দাবি জানান। তাঁদের প্রত্যাশা, কার্যকর পদক্ষেপে রক্ষা পাবে সাগরের মৎস্যসম্পদ, বাঁচবে জেলেদের জীবন-জীবিকা।
কালের সমাজ/কে.পি

