কুমিল্লার বুড়িচংয়ে চাঞ্চল্যকর এক অভিযানে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে সিএনজি চালককে জিম্মি ও ভয়ভীতি প্রদর্শন করে ছিনতাইয়ের চেষ্টাকালে তিন ভুয়া ডিবি সদস্যকে গ্রেপ্তার করেছে বুড়িচং থানা পুলিশ। গত বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার আমতলী রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর দুপুর আনুমানিক ২:৩০ ঘটিকার সময় বুড়িচং থানার আমতলী রাস্তার মাথায় বাগড়া-কুমিল্লাগামী পাকা রাস্তায় মোঃ আবু কাউছার (৪০) নামের এক সিএনজি চালক চালের বস্তা নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে তিন ব্যক্তি তার সিএনজি অটোরিকশার গতি রোধ করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। তারা দাবি করে, চালের বস্তার ভেতরে অবৈধ মালামাল আছে।
ঘটনাস্থলে ভুয়া ডিবি দলের একজন সিএনজি চালককে গাড়ি থেকে নামতে বলে এবং বাকিরা তাকে ‘স্যার’ বলে সম্বোধন করে নাটকীয় পরিবেশ তৈরি করে। তবে তাদের কথাবার্তা ও চালচলন সন্দেহজনক মনে হলে সিএনজি চালক তাদের পরিচয়পত্র (আইডি কার্ড) দেখতে চান। এতে ক্ষিপ্ত হয়ে ভুয়া ডিবি সদস্যরা তাকে গালমন্দ, চর-থাপ্পড় ও ভয়ভীতি প্রদর্শন করে আনুমানিক ১০-১৫ মিনিট সিএনজি অটোরিকশাসহ তাকে জিম্মি করে রাখে।
পরবর্তীতে সিএনজি চালক চতুরতার সাথে বিষয়টি তাৎক্ষণিক বুড়িচং থানায় জানালে, সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে ভুয়া ডিবি পরিচয়ে প্রতারণাকারী ৩ জনকে পুলিশ হেফাজতে নেয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিরা স্বীকার করে যে, তারা সকলেই বুড়িচং এলাকার বাসিন্দা এবং ইতিপূর্বেও ভুয়া ডিবি পরিচয়ে বিভিন্ন স্থানে অপকর্ম ও অভিযান পরিচালনার নামে সাধারণ মানুষকে হয়রানি করে আসছিল।
এ ঘটনায় বুড়িচং থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মামলার আসামিরা হলেন:
১. মো. সাদ্দাম হোসেন রিয়াজ (২৩), পিতা- মৃত রুহুল আমিন, মাতা- পারুল বেগম, সাং- মীরপুর (উত্তর পাড়া), ০২নং বাকশিমুল ইউপি।
২. মো. ফাহিম হোসেন প্রঃ সাইম (১৯), পিতা- আলমগীর হোসেন, মাতা- মৃত লাকী আক্তার, সাং- রাজাপুর (মসজিদ পাড়া), ০১নং রাজাপুর ইউপি।
৩. মো. এনামুল হাসান (১৯), পিতা- মোঃ আবুল হোসেন, মাতা- রেখা আক্তার, সাং- রাজাপুর (মসজিদ পাড়া), ০১নং রাজাপুর ইউপি।
৪. মো. অপু (২১), পিতা- জাহের মিয়া, সাং- রাজাপুর (মসজিদ পাড়া), ০১নং রাজাপুর ইউপি, সর্ব থানা- বুড়িচং, জেলা- কুমিল্লা।
আইনগত প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হচ্ছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে
কালের সমাজ/কে.পি

