কুমিল্লায় মাদক ব্যবসা, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী পুলিশের ধারাবাহিক অভিযানে এক রাতেই ৩৫১ জনকে আটক করা হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ৩৭ দিনে পরিচালিত এসব অভিযানে মোট ৫ হাজার ২৪৬ জনকে আটক করেছে জেলা পুলিশ। তাঁদের মধ্যে ২ হাজার ৯৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় গত ২৯ অক্টোবর সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা শাখার সদস্যরা এতে অংশ নেন।
অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসা, কিশোর গ্যাং ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে—এমন ব্যক্তি এবং কিশোরদের উৎপাত রয়েছে, এমন এলাকাগুলোতে অভিযান চালানো হয়। এতে ৩৫১ জনকে আটক করা হয়। পরে প্রাথমিক যাচাই-বাছাই শেষে ১৩২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপর ২১৯ জনকে অভিভাবকের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ধারাবাহিক অভিযানে মোট ৫ হাজার ২৪৬ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ৩ হাজার ১৫১ জনকে অভিভাবকের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২ হাজার ৯৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং মাদক, কিশোর গ্যাং ও ছিনতাই নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও নজরদারি রাখা হচ্ছে।
কিশোর অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর বলেও জানিয়েছে পুলিশ।
কালের সমাজ/কে.পি

