মাত্র ১দিন আগে ২০২৬ সনের এইচএসসি/আলিম, সমমান পরীক্ষার্থীদের ফলাফল ঘোষিত হয়েছে। ফলাফলে লক্ষ্মীপুরের লামচরী রায়পুর কারামতিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষার্থী সাকিব ব্যাপারী (২১) উত্তীর্ণ হয়। সারাদেশে এইচএসসির ফলাফল চরম বিপর্যয়ের মাঝেও সাকিব ব্যাপারী আলিম পরীক্ষা পাশ করলে পরিবারের সদস্যদের মাঝে ছিলো আনন্দ আর উচ্ছ্বাস।
কিন্তু সে আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি। মাত্র ১দিনের মাথায় লক্ষ্মীপুর-রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের পদ্মা বাজার এলাকায় বিআরটিসি বাস চাপায় নিহত হন সাকিব ব্যাপারী।
আজ রবিবার দুপুর ১টায় রামগঞ্জ পদ্মা বাজার সড়কে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। সাকিব ব্যাপারীসহ তাকে বহনকারী মোটরসাইকেলটি চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বিআরটিসি (ঢাকা মেট্রো-ঘ ১৫৫৬৭৯) বাস চালক।
নিহত সাকিব লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এনায়েতপুর এলাকার বক্স আলী ব্যাপারি বাড়ির আনিছুর রহমানের একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাকিব রামগঞ্জ উপজেলার সিটি প্লাজার লাইফ সাপোর্ট আইটি ইনস্টিটিউট নামের একটি কম্পিউটার প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পদ্মা বাজার এলাকায় বিআরটিসি বাস চাপায় গুরুতর আহত হন তিনি। হসপিটালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।
এদিকে সাকিবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রামগঞ্জের প্রধান সড়কে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরাসহ স্থানীয় লোকজন। তারা দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানান। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার বিষয়ে তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
কালের সমাজ/কে.পি

