চাঁদপুরের ফরিদগঞ্জ থানার সামনে দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে রাস্তার পাশে বসে সাইকেল মেরামতের কাজ করে আসছেন বৃদ্ধ নাকু দাদা। কোনো দোকান বা স্থায়ী ব্যবস্থা ছাড়াই খোলা আকাশের নিচে কেটেছে তার পুরো কর্মজীবন।
তার সঙ্গে কথা বলতে চাইলে দেখা যায়, বয়স ও অসুস্থতার কারণে এখন তিনি আগের মতো ঠিকভাবে কথাও বলতে পারেন না। কষ্টের মধ্যেও তিনি সংক্ষিপ্তভাবে জানান, এই কাজের উপরেই আমার জীবন চলে।
নাকু দাদা বলেন, তিনি এখানে একাই থাকেন। পরিবারের কেউ তার পাশে নেই। শারীরিক অসুস্থতার কারণে এখন আর আগের মতো কাজ করতে পারেন না, ফলে সাইকেল মেরামত করাতে আসা মানুষের সংখ্যাও অনেক কমে গেছে।
বর্তমানে একটি পাম্প ও কয়েকটি পুরোনো যন্ত্রপাতি নিয়েই থানার সামনে বসে থাকেন তিনি। কেউ সাইকেলের চাকায় হাওয়া দিতে এলে বা সহানুভূতি থেকে কিছু টাকা দিলে তা দিয়েই কোনোমতে খাবারের ব্যবস্থা করেন তিনি।
একসময় থানার সামনে দিয়ে যাওয়া সাইকেল আরোহীদের পরিচিত ডাক.. এই হাওয়া… এই ব্রেক। আজ তা প্রায় হারিয়ে যেতে বসেছে।
নাকু দাদা কেবল একজন সাইকেল মেকানিক নন, তিনি ফরিদগঞ্জের একটি সময়ের প্রতিনিধি যার শ্রম, সততা আর নিরব সহনশীলতা আমাদের সমাজের বাস্তব চিত্র তুলে ধরে। তার মতো মানুষের জীবন ও শেষ বয়সের নিরাপত্তা নিয়ে ভাবার দায় সমাজ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও রয়েছে।
কালের সমাজ/ইপি/এসআর


আপনার মতামত লিখুন :