নড়াইলের লোহাগড়ায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট,দেশীয় অস্ত্র ও লক্ষাধিক টাকা উদ্ধার করেছে। অভিযান চলা কালে নিষিদ্ধ ঘোষিত মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র রাখার দায়ে চার (৪) মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
রোববার (২৫ জানুয়ারি) রাতে নড়াইলের লোহাগড়া সেনাক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন আহমেদ সাদাব হাসানের নেতৃত্বে যৌথবাহিনী নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া,কুমড়ী ও মহাজন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১৯৯ পিস নিষিদ্ধ ঘোষিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট,নগদ ১ লাখ ১২ হাজার ৬৫০ টাকা, ৩ টি চাপাতি, ৩ টি রামদা, ৩ টি চাকু, ১ টি চাইনিজ কুড়াল, ২ টি পাসপোর্ট, ১ টি আরা, ৭ টি মোবাইল ফোন, ১ টি চেক বই, ১ রিম ফয়েল পেপারসহ চার (৪) মাদক কারবারীকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, কুমড়ী পূর্বপাড়া গ্রামের চান মিয়া সরদারের ছেলে রাসেল সরদার (২৪), লুটিয়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৩২), বড়দিয়া মহাজন গ্রামের কুদ্দুস মোল্যার ছেলে ইফতার মোল্যা (৩৫), দিঘলিয়া গ্রামের জামিল হোসেনের ছেলে এনামুল হক আকাশ (২৫)।
অভিযান পরিচালনা শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্য, অস্ত্র ও টাকা সহ চারজনকে লোহাগড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
লোহাগড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন,যৌথবাহিনীর হাতে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রজু করে বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :