নগরকান্দা উপজেলায় ‘কালো সোনা’ খ্যাত পেঁয়াজের বীজ চাষে সফলতার মুখ দেখতে শুরু করেছেন কৃষকরা। অনুকূল আবহাওয়ার কারণে চলতি মৌসুমে ভালো ফলনের আশা করছেন সংশ্লিষ্টরা।
উপজেলার বিভিন্ন ফসলি মাঠজুড়ে এখন চোখে পড়ে পেঁয়াজ বীজের সবুজ ক্ষেত।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রেজাউল করিম বলেন, “এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় পেঁয়াজের বীজের ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। রোগবালাইও তুলনামূলক কম। কৃষকরা লাভবান হবেন বলে আশা করছি।”
স্থানীয় কৃষক আসাদ মাতুব্বর জানান, “এ বছর পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য ১৫ কাঠা জমিতে গুটি পেঁয়াজ রোপণ করেছি। পরিচর্যা ভালোভাবে করছি। ফলন ভালো হলে বাজারে বিক্রি করে লাভবান হতে পারবো।”
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, পেঁয়াজের বীজ উচ্চমূল্যে বিক্রি হওয়ায় একে ‘কালো সোনা’ বলা হয়। বিগত কয়েক বছরে এ অঞ্চলে পেঁয়াজ বীজ চাষে আগ্রহ বেড়েছে। উৎপাদন খরচ তুলনামূলক কম হলেও লাভের পরিমাণ বেশি হওয়ায় অনেক কৃষক ধান ও অন্যান্য ফসলের পাশাপাশি পেঁয়াজ বীজ চাষে ঝুঁকছেন।
সংশ্লিষ্টরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবং প্রাকৃতিক দুর্যোগ না হলে এ মৌসুমে পেঁয়াজ বীজ উৎপাদনে রেকর্ড গড়তে পারে নগরকান্দা।


আপনার মতামত লিখুন :