ঢাকা বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

নওগাঁর মান্দায় তুচ্ছ ঘটনায় প্রতিবেশীর মারপিটে নারীসহ আহত ৪ 

জেলা প্রতিনিধি, নওগাঁ | ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১০:০২ পিএম নওগাঁর মান্দায় তুচ্ছ ঘটনায় প্রতিবেশীর মারপিটে নারীসহ  আহত ৪ 

নওগাঁর মান্দা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের সংঘবদ্ধ মারপিটে নারীসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আরজি-জিনারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— আজিমুদ্দিনের ছেলে ইছাহার আলী দেওয়ান (৬০), তার ছেলে আব্দুল খালেক (২৭), স্ত্রী রোকেয়া বেগম (৫০) এবং আব্দুল মালেকের স্ত্রী সুখী আক্তার (২০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অভিযুক্তরা হলেন একই এলাকার আজাহার আলী দেওয়ান (৬৫), আজমেল দেওয়ান (২২), মানিক দেওয়ান (৩৪), রাজু (১৯), সুলতানা বেগম (২৮), শামীমা বেগম (১৯), রুমি আক্তার (২৩) ও রুমানা বেগম (২৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা আহতদের বাড়িতে যাওয়ার সরু রাস্তার মধ্যে সিঁড়ি নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিলেন। এতে আহতরা জীবিকা নির্বাহের একমাত্র উপায় ভ্যানগাড়ি নিয়ে বাড়িতে প্রবেশ করতে পারছিলেন না। কষ্ট করে প্রবেশ করলেও পাশের ঘরের দেয়ালে ধাক্কা লেগে ক্ষতির আশঙ্কা থাকত।
এ অবস্থায় ভ্যান চলাচলের সুবিধার্থে সিঁড়ির পাশ দিয়ে মাটি ভরাট করেন আহতরা। এতে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। জলাবদ্ধতাকে কেন্দ্র করে বুধবার সকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আহতদের বাড়িতে অনধিকার প্রবেশ করে এলোপাতাড়ি মারপিট করেন বলে অভিযোগ ওঠে। এতে চারজন গুরুতর আহত হন।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, মারপিটের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!