আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর উদ্যোগে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের এসআইসিআইপি প্রকল্পের আওতায় ঝালকাঠিতে আয়োজিত মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী অনুষ্ঠান ঝালকাঠি জেলা পরিষদ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। এসময় ২৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে সনদপত্র এবং মূল্যায়নে ভালো ফলাফল অর্জনকারী ৫ জনকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে উদ্যোক্তারা তাদের ভবিষ্যৎ ব্যবসা উন্নয়ন ও সম্প্রসারণের পরিকল্পনা উপস্থাপন করেন।
অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।১০ আগস্ট ২০২৬, সোমবার এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক মোঃ শাহাদাত হোসেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও এসআইসিআইপি প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ ওয়াসিম, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম আবু জাফর এবং ঝালকাঠি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শাহরিয়ার।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাফাত উল্লা খান প্রধান বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে এসএমই ও কুটির শিল্প খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্যোক্তা উন্নয়নকে জাতীয় অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির অন্যতম চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তাদের ব্যবসায়িক জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব। তিনি বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি ও এসআইসিআইপি প্রকল্পের উদ্যোক্তা উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করেন। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক উদ্যোক্তা উন্নয়নে ধারাবাহিকভাবে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে উল্লেখ করে তিনি আধুনিক প্রযুক্তি, ডিজিটাল মার্কেটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহারের মাধ্যমে ব্যবসাকে আরও প্রতিযোগিতামূলক করার আহ্বান জানান।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই) এর প্রিন্সিপাল মোঃ আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষক, কো-ট্রেইনার পাঁচটি শাখার মেন্টরগণ উপস্থিত ছিলেন।
মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বরিশাল, ঝালকাঠি এবং পিরোজপুরের ২৫ জন নতুন ও আগ্রহী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন, ক্যাপিটাল বাজেটিং, হিসাবরক্ষণ, চলতি মূলধনের প্রয়োজন নিরূপণ, সম্ভাব্যতা সমীক্ষা, বিপণন কৌশল, ডেলিভারি চ্যানেল, হাতে-কলমে ব্যবসায় বিশ্লেষণ এবং সফল ব্যবসার অভিজ্ঞতাসহ গুরুত্বপূর্ণ বিষয়সমূহ অন্তর্ভুক্ত ছিল।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন ও দেশের সামাজিক-অর্থনৈতিক অগ্রতিতে অবদান রাখবে।
কালের সমাজ/কে.পি

