ঢাকা শনিবার, ০৯ মে, ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

‘শিক্ষায় জিডিপির ৫% বিনিয়োগের পরিকল্পনা’

কালের সমাজ ডেস্ক | মে ৭, ২০২৬, ০১:৫৩ পিএম ‘শিক্ষায় জিডিপির ৫% বিনিয়োগের পরিকল্পনা’

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, বর্তমান সরকার শিক্ষাখাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পাঁচ শতাংশ বিনিয়োগের পরিকল্পনা করছে।

তিনি বলেন, আগের সরকার যেখানে শিক্ষাখাতে প্রায় দেড় শতাংশ বিনিয়োগ করত, সেখানে বর্তমান সরকার মানবসম্পদ উন্নয়নকে গুরুত্ব দিয়ে এ খাতে বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নিয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীতে ইউনিসেফ আয়োজিত একটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে আমরা জিডিপির পাঁচ শতাংশ শিক্ষায় ইনভেস্ট করতে পরিকল্পনা করছি। বিগত সরকার দেড় শতাংশের বেশি ইনভেস্ট করেনি। আমাদের মনে রাখতে হবে, হিউম্যান ক্যাপিটলে আমাদের ইনভেস্ট বাড়াতে হবে।

একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি শিক্ষার গুণগত পরিবর্তনের ওপর জোর দিয়ে বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতে মূল্যবোধ, নীতি ও মানবিকতা এই তিনটি বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে।

মাহদী আমিন আরও জানান, বর্তমান প্রধানমন্ত্রী শুধুমাত্র শিক্ষাগত সনদের ওপর নির্ভর না করে দক্ষতার ওপর বেশি জোর দিচ্ছেন। তিনি বলেন, মূল্যবোধ, নীতি ও মানবিকতা শিক্ষায় সম্পৃক্ত করা অতীব জরুরি। সরকার এই তিনটি উপাদানকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে।

অনুষ্ঠানে বৈশ্বিক পর্যায়ে দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, বাংলা ও ইংরেজি ভাষার পাশাপাশি সরকার এখন তৃতীয় একটি ভাষা শেখার বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছে।

এটি আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং রেমিট্যান্স প্রবাহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে একই সঙ্গে বাংলা ও ইংরেজি-এই দুই ভাষাকে আরও শক্তিশালী করতেও সরকার কাজ করে যাবে বলে তিনি উল্লেখ করেন।

 

 

 

কালের সমাজ/ওজি

Link copied!