ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | জুন ১৮, ২০২৬, ০৫:১২ পিএম সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

এখন থেকে দেশের পাবলিক পরীক্ষাগুলোতে সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে এহছানুল হক বলেন, ‘শিক্ষার্থীদের সংস্কৃতিক উন্নতির পাশাপাশি তাদের নৈতিক শিক্ষাব্যবস্থা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে না মন্ত্রিসভার বৈঠকে এমন কোনো সিদ্ধান্ত হয়নি।’

সংবাদ এম্মলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘আগামী ২০ জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ঢাকার আর্মি স্টেডিয়ামে। ওইদিন প্রধানমন্ত্রী তারেক রহমান খেলার উদ্বোধন করবেন।’

দেশের শিক্ষার্থীরা আনন্দময় শিক্ষার মধ্য দিয়ে বড় হবে এবং শিক্ষাঙ্গনকে এগিয়ে নিতে সরকার অনেক কার্যক্রম হাতে নিয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

কালের সমাজ//আরআই 

Link copied!