ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
এসএসসি ফলাফল ২০২৬

এবার জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক | আগস্ট ১০, ২০২৬, ০১:১০ পিএম এবার জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৫২ হাজার ৭৮০ জন এবং ছাত্রী ৬৩ হাজার ৮৯৬ জন।

সোমবার (১০ আগস্ট) সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৯ জন। এর মধ্যে ছাত্র ৪৭ হাজার ৩০৪ জন এবং ছাত্রী ৫৮ হাজার ৭০৫ জন।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৭১৬ জন। তাদের মধ্যে ছাত্র ৩ হাজার ৫৭২ জন এবং ছাত্রী ৩ হাজার ১৪৪ জন।

অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৯৫১ জন। এর মধ্যে ছাত্র ১ হাজার ৯০৪ জন এবং ছাত্রী ২ হাজার ৪৭ জন।

এর আগে সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ফলাফল প্রকাশ করেন।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিলেন। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী অংশ নেওয়ার জন্য নিবন্ধিত ছিলেন।

চলতি বছর এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। আর দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। সে হিসাবে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও এবার নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর ফল প্রকাশ করা হলো।

ফল প্রকাশের পর আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে। এ বিষয়ে আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!