সৌদি আরবের রাজধানী রিয়াদের খোরদাম শহরের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ১০ জন প্রবাসীর করুণ মৃত্যু হয়েছে। প্রবাসের মাটিতে পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে যারা পাড়ি জমিয়েছিলেন, তাদের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের মাতম।
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম অগ্নিকাণ্ডে এই ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বাংলাদেশ সময় আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে রিয়াদের খোরদাম শহরের ওই সোফা কারখানায় হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করায় কারখানায় কর্মরত শ্রমিকেরা আটকা পড়েন। জীবিকার তাগিদে তারা ওই কারখানায় কাজ করতেন। এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিহত ১০ জনের পরিচয় ইতোমধ্যে পাওয়া গেছে। তারা হলেন- উপজেলার কালিকাপুর ইউনিয়নের কলি (৩০), লুৎফর (৩২), জান্ডার, রুবেল; বিশা এলাকার সাগর, মজিদুল; দুবাই এলাকার শুভ, সুমন; পারকাসুন্দা গ্রামের জালাল এবং উদনপৈ গ্রামের মো. ফরিদ শেখ।
রোববার রাত সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আগুনে পুড়ে নওগাঁর আত্রাই উপজেলার ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। প্রিয়জনদের হারিয়ে অনেক পরিবার এখনো তাদের মরদেহ ও চূড়ান্ত পরিচয়ের অপেক্ষায় বুকফাটে কান্নায় ভেঙে পড়েছেন। প্রবাসীর এমন আকস্মিক মৃত্যুতে পুরো আত্রাই জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
কালের সমাজ/এসআর

