চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় দেশের তুলনায় বিদেশের কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীদের সাফল্যের হার বেশি। বিদেশে স্থাপিত ৯টি কেন্দ্রে মোট ৪০২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৩৫৪ জন। এতে বিদেশি কেন্দ্রগুলোতে গড় পাসের হার দাঁড়িয়েছে ৮৮ দশমিক ০৬ শতাংশ।
বিদেশি কেন্দ্রগুলোতে পরীক্ষায় অংশ নেওয়া ৪০২ জনের মধ্যে ৪৮ জন অকৃতকার্য হয়েছে। এর মধ্যে দুইটি কেন্দ্রে শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তবে একটি কেন্দ্রে কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি।
এদিকে, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় সার্বিকভাবে পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। সে হিসাবে দেশের সার্বিক ফলাফলের তুলনায় বিদেশের কেন্দ্রগুলোতে পাসের হার উল্লেখযোগ্যভাবে বেশি।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
কালের সমাজ/এসআর

