ঢাকা রবিবার, ৩১ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

আমি ফেসবুকটা ডিলিট করে দিতে চাই: তুষি

কালের সমাজ ডেস্ক | মে ৩১, ২০২৬, ০৯:৩৭ পিএম আমি ফেসবুকটা ডিলিট করে দিতে চাই: তুষি

ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সম্প্রতি ব্যক্তিজীবন, ক্যারিয়ার, ঈদ উদযাপন এবং সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে খোলামেলা কথা বলেছেন নাজিফা তুষি। এ সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের নিয়ে প্রচলিত ধারণা ও প্রত্যাশা নিয়েও নিজের মতামত তুলে ধরেন।

আলাপচারিতার এক পর্যায়ে তুষির কাছে জানতে চাওয়া হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি, পোশাক, লুক কিংবা ব্যক্তিগত বিষয় নিয়ে যেসব মন্তব্য ও সমালোচনা করা হয়, সেগুলো তিনি কীভাবে দেখেন।

জবাবে অভিনেত্রী বলেন, ‘সত্যি কথা বলতে আমি ফেসবুকটা ডিলিট করে দিতে চাই। কারণ এই কাজ করতে গিয়ে অনেক কিছুই আমার ভালো লাগে না।’

তুষির মতে, একজন অভিনেত্রী হওয়া মানেই সবসময় নির্দিষ্ট একটি ছাঁচে নিজেকে উপস্থাপন করতে হবে— এমন ধারণার সঙ্গে তিনি একমত নন।

তিনি বলেন, ‘আমি অভিনয় করি, মানুষ আমাকে অভিনেত্রী বা নায়িকা বলে। কিন্তু নায়িকাদের যে একটা নির্দিষ্টভাবে দেখতে হবে, সবসময় তৈরি হয়ে থাকতে হবে, পুতুলের মতো থাকতে হবে- এই বিষয়গুলো আমার ভালো লাগে না। এগুলো অনেক সময় বোঝা মনে হয়।’

অভিনেত্রী জানান, নিজের ইচ্ছায় সাজতে বা নিজেকে উপস্থাপন করতে তার কোনো আপত্তি নেই। তবে সমাজের তৈরি করে দেওয়া প্রত্যাশা পূরণের জন্য সবসময় একইভাবে নিজেকে তুলে ধরার চাপ তিনি পছন্দ করেন না।

তুষির কথায়, ‘আমার যখন সাজতে ইচ্ছা করবে, আমি সাজব। সেটা একান্তই আমার নিজের ইচ্ছা হওয়া উচিত। কিন্তু অনেক সময় মনে হয়, মানুষ একজন নারীকে নির্দিষ্ট একটা ফ্রেমে দেখতে চায়।’

এ সময় নারী ও পুরুষের প্রতি সমাজের ভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গির বিষয়টিও তুলে ধরেন তিনি। তার মতে, নারীদের চেহারা, পোশাক ও উপস্থিতি নিয়ে যে পরিমাণ বিচার-বিশ্লেষণ করা হয়, পুরুষদের ক্ষেত্রে তা তুলনামূলকভাবে অনেক কম।

তুষি বলেন, ‘এই বিষয়গুলো নিয়ে মেয়েদের আরও বেশি কথা বলা উচিত। নিজের মতো থাকার আত্মবিশ্বাসটা গুরুত্বপূর্ণ। একটা ছেলেকে তো এত চাপের মধ্যদিয়ে যেতে হয় না।’

কালের সমাজ/কে.পি

Link copied!