দেশে হাম ও হামের মতো উপসর্গে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এ ধরনের অসুস্থতায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৫৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। পাশাপাশি পরীক্ষায় আরও ৭২ জনের হাম শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৮০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও এর উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৯ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন ৭২ জনসহ ১৫ মার্চ থেকে দেশে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে মোট ১৯ হাজার ৩৮৪ জনের। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ১৫০ জনে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৩৯ হাজার ৫১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৪৫৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
কালের সমাজ/কে.পি

