ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩

বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান

নিজস্ব প্রতিবেদক | আগস্ট ২৭, ২০২৬, ০৩:৪৫ পিএম বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান

মোকলেছুর রহমান মাহারুক : দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প, ব্যাংকিং, প্রশাসন ও গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গড়ে ওঠা অভিজাত সংগঠন বিজনেস এলিট ক্লাব লিমিটেড-এর নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন সাংবাদিক সালাম মাহমুদ ও সাংবাদিক হাফিজ রহমান। তাদের সদস্যপদ লাভকে কেন্দ্র করে ক্লাবের সদস্যদের মধ্যে উৎসাহ ও আগ্রহ তৈরি হয়েছে।

এদিকে বিজনেস এলিট ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ড. মো. সাদী-উজ-জামান। সম্প্রতি রাজধানীর বনানী ক্লাবের ব্যানকোয়েট হলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ক্লাবের নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। একই অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় ক্লাবটির প্রথম বার্ষিক সাধারণ সভা (এজিএম)।

এজিএমে ক্লাবের বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সংগঠনের উন্নয়ন ও সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি নতুন কার্যনির্বাহী পরিষদের সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

নবনির্বাচিত পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন আজিম উদ্দিন আহমেদ, মো. খালেদ মোশারফ হোসেন চৌধুরী (রানা), আহসান হাবিব সেতু, সাবিনা ইয়াসমিন, মেরিনা আক্তার, প্রকৌশলী দেবাশীষ বডুয়া, কামাল হোসেন পলাশ, মো. রফিকুল হোসেন, রাসেল আহম্মেদ, খোরশেদ ইসলাম, মোহাম্মদ শাহীন মিঞা শিকদার ও রবিন আলম শাহীন।

বিজনেস এলিট ক্লাব দেশের ব্যবসায়ী, শিল্পপতি, ব্যাংকার, আমলা, সাংবাদিক এবং সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের পারস্পরিক যোগাযোগ, মতবিনিময় ও পেশাগত সম্পর্ক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। ব্যবসা ও অর্থনীতির বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি দেশের সম্ভাবনাময় খাত, বিনিয়োগ, উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতি নিয়ে আলোচনা করাও সংগঠনটির অন্যতম লক্ষ্য।

ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান দীর্ঘদিন ধরে গণমাধ্যম অঙ্গনে কাজ করছেন। বিজনেস এলিট ক্লাবের মতো একটি মর্যাদাপূর্ণ সংগঠনে তাদের অন্তর্ভুক্তি ব্যবসা ও গণমাধ্যম অঙ্গনের মধ্যে যোগাযোগ ও মতবিনিময়ের ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করবে।

বর্তমানে বিজনেস এলিট ক্লাবের নিজস্ব কার্যালয় রাজধানীর মতিঝিলে অবস্থিত। পাশাপাশি মাওয়া নতুনধরা প্রকল্পে বিশাল এলাকাজুড়ে ক্লাবের স্থায়ী অবকাঠামো নির্মাণের কার্যক্রম এগিয়ে চলছে। স্থায়ী অবকাঠামো গড়ে উঠলে ক্লাবটির কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল হবে।

অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা নতুন নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বিজনেস এলিট ক্লাবকে আরও কার্যকর, গতিশীল ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেন। তাদের মতে, নতুন নেতৃত্বের হাত ধরে দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক অঙ্গনে পারস্পরিক সহযোগিতা, যোগাযোগ এবং ইতিবাচক ভূমিকা আরও জোরদার হবে।

নতুন সদস্যদের অন্তর্ভুক্তি এবং নতুন নেতৃত্বের মাধ্যমে বিজনেস এলিট ক্লাব ভবিষ্যতে দেশের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও পেশাজীবী অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে সেতুবন্ধন তৈরিতে আরও কার্যকর ভূমিকা রাখবে।

Link copied!