ওয়াশিংটনে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজে গুলির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্দেহভাজন হামলাকারীর ছবি প্রকাশ করেন।
নিরাপত্তা বাহিনীর দ্রুত পদক্ষেপে তাকে আটক করা হয়েছে বলে জানানো হয়। গুলির সময় শত শত অতিথি আতঙ্কে টেবিলের নিচে আশ্রয় নেন এবং অনুষ্ঠানস্থলে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওয়াশিংটন ডিসির একটি হোটেলে অনুষ্ঠিত হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজ অনুষ্ঠান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। তার নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে দ্রুত নিরাপদ স্থানে নিয়ে যান।
স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় ওয়াশিংটন হিলটন হোটেলের ভোজকক্ষে এই ঘটনা ঘটে। মূলত সেখানেই হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানটি চলছিল।
একপর্যায়ে ভেতরে হঠাৎ জোরে গুলির শব্দ শোনা গেলে উপস্থিত অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে হোটেলের বলরুমের বাইরে নিরাপত্তা তল্লাশি এলাকায় সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়। এসময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা অতিথিদের ভিড়ের মধ্য দিয়ে ছুটে যান এবং আতঙ্কে অনেকেই টেবিলের নিচে আশ্রয় নেন।
এই ঘটনার পর সন্দেহভাজন হামলাকারীর প্রথম ছবি প্রকাশ করা হয়েছে। ওয়াশিংটন হিলটন হোটেলের সিঁড়ির কাছে আইনশৃঙ্খলা বাহিনী তাকে মাটিতে চেপে ধরেছে-এমন দৃশ্য ওই ছবিতে দেখা যায়। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ওই ব্যক্তির ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, তার গায়ে শার্ট নেই এবং হাত পেছনে বাঁধা অবস্থায় তাকে মাটিতে চেপে রাখা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ৩১ বছর বয়সী ওই সন্দেহভাজনের নাম কোল টোমাস অ্যালেন। তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা। পরে ট্রাম্প আরও একটি ভিডিও পোস্ট করেন, ওই ভিডিওতে সন্দেহভাজন ব্যক্তিকে নিরাপত্তা চেকপয়েন্ট দিয়ে দৌড়ে যেতে দেখা যায়।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, ওই ব্যক্তি একাধিক অস্ত্র নিয়ে নিরাপত্তা এলাকায় প্রবেশের চেষ্টা করেছিল, তবে সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে থামিয়ে দেয়। তিনি বলেন, ‘এক ব্যক্তি একাধিক অস্ত্র নিয়ে নিরাপত্তা চেকপয়েন্টে হামলা চালানোর চেষ্টা করেছিল।
সিক্রেট সার্ভিসের সাহসী সদস্যরা তাকে দমন করে। এক কর্মকর্তা গুলিবিদ্ধ হন, তবে বুলেটপ্রুফ ভেস্ট তাকে রক্ষা করেছে। আমি তার সঙ্গে কথা বলেছি, তিনি ভালো আছেন।’
ট্রাম্প জানান, খুব শিগগিরই অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এবং আগ্নেয়াস্ত্র বহনসহ একাধিক অভিযোগ আনা হবে। তিনি ওই ব্যক্তিকে ‘অসুস্থ মানসিকতার’ বলে উল্লেখ করেন এবং বলেন, তাকে আটক করা হয়েছে। পাশাপাশি, তিনি বলেন আগামী ৩০ দিনের মধ্যে আরও বড় ও ভালোভাবে অনুষ্ঠানটি আবার আয়োজন করা হবে।
ঘটনার সময় সশস্ত্র ট্যাকটিক্যাল দল মঞ্চে অবস্থান নেয়, মূলত সেখানেই ট্রাম্প আগে বসেছিলেন। পরে ওয়াশিংটন হিলটন হোটেলে পুলিশ মোতায়েন করা হয় এবং আকাশে হেলিকপ্টার টহল দিতে দেখা যায়।
উপস্থিত অনেকেই জানিয়েছেন, তারা পাঁচ থেকে আটটি গুলির শব্দ শুনেছেন। পরে শত শত সাংবাদিক, সেলিব্রিটি ও রাজনৈতিক ব্যক্তিত্বে ভরা ভোজকক্ষ থেকে সবাইকে সরিয়ে নেয়া হয়। সেখানে ন্যাশনাল গার্ড সদস্যদের মোতায়েন করা হয় এবং অতিথিদের বের হতে দেয়া হলেও পুনরায় প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়।
মূলত শনিবারের এই অনুষ্ঠানে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প প্রথমবার অংশ নেন। সাংবাদিক, সেলিব্রিটি ও বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি যুদ্ধরত দেশের নেতারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিনোদনমূলক অংশ হিসেবে ‘ট্রায়াম্ফ দ্য ইনসাল্ট কমিক ডগ’ও ছিল।
ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘সিক্রেট সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী দারুণ কাজ করেছে। তারা দ্রুত ও সাহসিকতার সঙ্গে ব্যবস্থা নিয়েছে এবং হামলাকারীকে আটক করেছে। আমি অনুষ্ঠান চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলাম, তবে চূড়ান্ত সিদ্ধান্ত আইনশৃঙ্খলা বাহিনীর।’
কালের সমাজ/ওজি

