ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
জাপানের প্রধানমন্ত্রীকে পেজেশকিয়ান

ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি

কালের সমাজ ডেস্ক | আগস্ট ১৩, ২০২৬, ১১:৫৮ এএম ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি

ইরান কোনোভাবেই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন তিনি।

বুধবার জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক ফোনালাপে পেজেশকিয়ান এসব কথা বলেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, তার দেশ কখনোই এ অঞ্চলে অশান্তি চায়নি। বরং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইরান সবসময় কাজ করে এসেছে।

পেজেশকিয়ানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সরকার নেতাদের হত্যা, মিনাবের স্কুলশিক্ষার্থীসহ বহু বেসামরিক মানুষকে হত্যা এবং বেসামরিক অবকাঠামো ধ্বংসের মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করেছে।

ফোনালাপে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি যুদ্ধের অবসানে কূটনৈতিক প্রচেষ্টার ওপর জোর দেন। হরমুজ প্রণালী নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনায় অগ্রগতিকে স্বাগত জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, গুরুত্বপূর্ণ এই জলপথটি দ্রুত পুনরায় খুলে দেওয়া হবে।

তাকাইচি একই সঙ্গে বাব এল-মানদেব প্রণালীতে উত্তেজনা আরও বাড়তে না দেওয়ার জন্য ইরানকে তার প্রভাব কাজে লাগানোর আহ্বান জানান।

আলোচনায় দুই নেতা সংলাপ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ইরান ও জাপানের ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

ফোনালাপটি এমন এক সময়ে হলো, যখন মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলো ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ অব্যাহত রয়েছে। হরমুজ ও বাব এল-মানদেব প্রণালীর নিরাপত্তা নিয়ে বিশেষ করে বাণিজ্যিক জাহাজ চলাচল ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ রয়েছে আন্তর্জাতিক মহলে। সূত্র- মেহের নিউজ

কালের সমাজ/এসআর

Link copied!