ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

দিল্লিতে বহুতল ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা বহু শিক্ষার্থী

কালের সমাজ ডেস্ক | সেপ্টেম্বর ৬, ২০২৬, ০৫:৪৭ পিএম দিল্লিতে বহুতল ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা বহু শিক্ষার্থী

ভারতের রাজধানী দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি বহুতল ভবন ধসে পড়েছে। এতে ভবনের ভেতরে থাকা বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত অন্তত চারজনকে উদ্ধার করা হয়েছে। খবর এনডিটিভির।

রোববার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে ভবনটি হঠাৎ ধসে পড়ে। কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটি পেইং গেস্ট (পিজি) হিসেবে ব্যবহৃত হতো।

এক প্রত্যক্ষদর্শীর দাবি, দুর্ঘটনার সময় ভবনের ভেতরে প্রায় ৫০ জন শিক্ষার্থী থাকতে পারেন। ছুটির দিন হওয়ায় অনেক শিক্ষার্থী নিজেদের কক্ষেই অবস্থান করছিলেন।

ঘটনাস্থলে থাকা এক শিক্ষার্থী এএনআইকে জানান, ধ্বংসস্তূপের নিচ থেকে তিনি মানুষের কান্না ও ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকারের শব্দ শুনেছেন।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। ফায়ার সার্ভিসের সদস্যরা ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারে অভিযান শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কংক্রিটের একটি স্ল্যাবের নিচে একজনকে আটকে থাকতে দেখা গেছে। তাকে উদ্ধারে স্থানীয়রাও সহযোগিতা করেন।


উদ্ধার অভিযান জোরদার করতে ফায়ার সার্ভিসের অন্তত ১২টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ভারী কংক্রিটের স্ল্যাব ও লোহার বিম সরাতে ব্যবহার করা হচ্ছে এক্সকাভেটর। ফায়ার সার্ভিসের পাশাপাশি ডিজাস্টার রেসপন্স ফোর্সের বিশেষ দলও উদ্ধারকাজে অংশ নিয়েছে।

সত্য নিকেতন এলাকাটি দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছাকাছি হওয়ায় এখানে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী বসবাস করেন। উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিস ও বিশেষায়িত উদ্ধারকারী দলের পাশাপাশি কয়েকটি ছাত্র সংগঠনের সদস্যরাও সহযোগিতা করছেন।


ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকা রয়েছেন কি না, তা নিশ্চিত করতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

কালের সমাজ/কে.পি
 

Link copied!