ঢাকা শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

কয়েকদিনের মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক | ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০১:১৯ পিএম কয়েকদিনের মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

আগামী কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইরানে হামলা চালাতে পারে। এ জন্য তারা প্রস্তুতিও নিয়েছে। বিষয়টি এখন নির্ভর করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের ওপর।

সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে এমন তথ্য জানতে পেরেছে সিএনএন। গত কয়েকদিনে মধ্যপ্রাচ্যে বিমান ও নৌবাহিনীর শক্তি উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানোর পর হোয়াইট হাউসকে জানানো হয়- সামরিক বাহিনী প্রস্তুত আছে। হোয়াইট হাউসের একটি সূত্র জানিয়েছে, ট্রাম্প ব্যক্তিগতভাবে হামলার পক্ষে, বিপক্ষে দুই ধরনের যুক্তি দিয়েছেন। চূড়ান্ত পদক্ষেপ কী হবে সে বিষয়ে তিনি উপদেষ্টা ও মিত্রদের মতামত নিচ্ছেন।

বুধবার হোয়াইট হাউসের উচ্চ নিরাপত্তা কমান্ড সেন্টার বা জরুরি গোয়েন্দা তথ্য বিশ্লেষণের কক্ষ ‘সিচুয়েশন রুম’-এ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এ ছাড়া, ইরানের প্রতিনিধিদের সঙ্গে পরোক্ষ বৈঠকের বিষয়েও ট্রাম্পকে ব্রিফ করেছেন স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। এসব বিষয়ে অবগত একজন জানিয়েছেন, হামলা করা না করার বিষয়ে ভাবতে ট্রাম্প অনেক সময় নিচ্ছেন।

সুইজারল্যান্ডের জেনেভায় গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা পরমাণু বিষয়ক পরোক্ষ বৈঠক করেন। এতে মধ্যস্থতা করে ওমান। বৈঠকে একে অপরের মধ্যে চিরকুট বিনিময় হলেও কোনো নির্দিষ্ট বিষয়ের সমাধান হয়নি। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, উভয়পক্ষ কিছু ‘পথনির্দেশক নীতিমালার’ বিষয়ে একমত হয়েছে। আর একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এখনও অনেক বিষয়ের বিস্তারিত আলোচনা বাকি।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বুধবার বলেন, ইরান আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের অবস্থানের বিষয়ে বিস্তারিত তথ্য দেবে বলে আশা করা হচ্ছে। তবে ট্রাম্প ওই সময়ের মধ্যে সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকবেন কি না, সে বিষয়ে তিনি কিছু বলেননি লেভিট।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!