ঢাকা বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ৯ এপ্রিল

চাকরি ডেস্ক | ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৭:৩১ পিএম ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ৯ এপ্রিল

বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসি সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব প্রার্থীর লিখিত পরীক্ষায় শ্রুতি লেখক (Writer) প্রয়োজন, তাদের আগামী ১০ মার্চের মধ্যে আবেদন করতে হবে।

পিএসসির পরিকল্পনা অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ৩০ জুলাই। এরপর ১০ আগস্ট থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়ে ২৫ নভেম্বর চূড়ান্ত ফল প্রকাশ করা হতে পারে।

এর আগে গত ৩০ জানুয়ারি ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ১০ ফেব্রুয়ারি ফল প্রকাশ করা হয়। প্রিলিমিনারিতে মোট ১২ হাজার ৩৮৫ জন প্রার্থী উত্তীর্ণ হন।

৫০তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারের ১ হাজার ৭৫৫টি পদে এবং নন-ক্যাডারের ৩৯৫টি পদে মোট ২ হাজার ১৫০টি পদে নিয়োগ দেওয়া হবে। এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় গত ২৬ নভেম্বর। আবেদন গ্রহণ শুরু হয় ৪ ডিসেম্বর এবং শেষ হয় ৩১ ডিসেম্বর।

ক্যাডারভিত্তিক নিয়োগের মধ্যে সর্বাধিক স্বাস্থ্য ক্যাডারে ৬৫০ জন, এরপর প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং শিক্ষা ক্যাডারে ১৮৫ জন নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।


পিএসসি জানিয়েছে, এক বছরের মধ্যেই ৫০তম বিসিএসের পুরো কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে, আর মৌখিক পরীক্ষা হবে কমিশনের প্রধান কার্যালয়ে। কেন্দ্র পরিবর্তনের কোনো আবেদন গ্রহণ করা হবে না।

 

 

Side banner
Link copied!