ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
অ্যাটর্নি জেনারেল

রামিসা হত্যা মামলার রায় দ্রুত বাস্তবায়নে কাজ করবে রাষ্ট্রপক্ষ

নিজস্ব প্রতিবেদক | জুন ৭, ২০২৬, ১২:৫৮ পিএম রামিসা হত্যা মামলার রায় দ্রুত বাস্তবায়নে কাজ করবে রাষ্ট্রপক্ষ

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় কার্যকর করতে দ্রুত আপিল শুনানি নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

রায় ঘোষণার পর আজ রোববার (০৭ জুন) তিনি বলেন, বাদীপক্ষ আপিল না করলেও মৃত্যুদণ্ডের রায় ডেথ রেফারেন্স হিসেবে স্বয়ংক্রিয়ভাবে হাইকোর্টে যাবে। উচ্চ আদালতের বিচারিক পর্যালোচনা ছাড়া কোনো মৃত্যুদণ্ড তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে না।

অ্যাটর্নি জেনারেল জানান, ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির কাছে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আবেদন জানানো হবে। একই সঙ্গে নারী ও শিশু হত্যা সংক্রান্ত মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ বেঞ্চ গঠনের বিষয়েও প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হবে।

তিনি বলেন, রামিসা হত্যা মামলার বিচারিক কার্যক্রম দ্রুততম সময়ে সম্পন্ন হওয়া দেশের বিচারব্যবস্থায় একটি নতুন দৃষ্টান্ত ও মাইলফলক হিসেবে বিবেচিত হবে। তবে দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি দণ্ডিত ব্যক্তি ন্যায়বিচার পেয়েছেন কি না, সেটিও রাষ্ট্রের নিশ্চিত করার দায়িত্ব।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আরও বলেন, সব মামলায় দ্রুত বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব হলেও বিভিন্ন বাস্তব কারণে তা সবসময় সম্ভব হয় না। তবুও জনমনে রামিসা হত্যা মামলার রায় একটি গুরুত্বপূর্ণ নজির হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

কালের সমাজ/এসআর

আইন ও আদালত বিভাগের আরো খবর

Link copied!