মঙ্গলবার (১০ মার্চ ) রাজধানীর বিজয় সরণীর সামরিক জাদুঘর মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী। “সকল নারী ও বালিকার জন্য অধিকার, বিচার ও বাস্তবায়ন” শীর্ষক এ সেমিনারের আয়োজন করে মানুষের জন্য ফাউন্ডেশন।
মন্ত্রী বলেন, জনগণের কল্যাণ, মানবাধিকার এবং নারীর অধিকার রক্ষাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, দায়িত্ব গ্রহণের মাত্র ২১ দিনের মধ্যেই সরকার একটি নতুন উদ্যোগ হিসেবে ফ্যামিলি কার্ড চালু করেছে। প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে প্রায় ৩৭ হাজার পরিবারের জন্য এই কার্ড দেওয়া হয়েছে এবং কার্ডগুলোর মালিকানা পরিবারের নারী সদস্যদের নামে নিবন্ধিত করা হয়েছে।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, নারীর প্রতি সম্মান, দায়িত্ববোধ ও তাদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। গত জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি বিভিন্ন জনসভায় নারীদের সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানানোর কথাও উল্লেখ করেন।
আইনমন্ত্রী আরও বলেন, তিনি নীতিগতভাবে নারী কমিশন গঠনের পক্ষে। তবে দেশে বিভিন্ন কমিশনের কাজের ক্ষেত্র অনেক সময় একে অপরের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়। মানবাধিকার কমিশনের কাঠামোয় গুম সংক্রান্ত তদন্তের বিষয় যুক্ত হওয়ায় কমিশনের মূল কার্যক্রমে প্রভাব পড়তে পারে বলেও তিনি উল্লেখ করেন।
নারীর অধিকার প্রসঙ্গে তিনি বলেন, সমাজে মৌলবাদী গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে নারীরা অনেক সময় পড়ছেন, তাই তাদের সচেতনতা বাড়ানো জরুরি। নারীরা সচেতন ও শক্তিশালী হলে দেশের উন্নয়নের ভিত্তি আরও মজবুত হবে বলে তিনি মন্তব্য করেন।
সম্পত্তি আইনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শরিয়া আইনের কারণে কন্যাসন্তানদের সম্পত্তি বণ্টনে কিছু সীমাবদ্ধতা রয়েছে, তাই এ বিষয়ে বিকল্প আইনি কাঠামো নিয়ে আলোচনা প্রয়োজন হতে পারে।
মিথ্যা মামলা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে বেআইনি গ্রেপ্তার ও মামলা বাণিজ্য অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এ ক্ষেত্রে সমাজের সব স্তরের সহযোগিতা পেলে পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দুর্নীতি প্রতিরোধে নাগরিক সমাজকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনজীবনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
এ সেমিনারে আরও বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. দাউদ মিয়া, জাতিসংঘের নারী প্রতিনিধি গীতাঞ্জলি সিং, জাতিসংঘের বিশেষ প্রতিবেদক আইরিন খান এবং মানবাধিকার সংগঠন ব্লাস্ট-এর নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম।

