ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

জামিনের জন্য কোটি টাকা দাবির অভিযোগ তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

কালের সমাজ ডেস্ক | মার্চ ১০, ২০২৬, ০৬:৫৬ পিএম জামিনের জন্য কোটি টাকা দাবির অভিযোগ তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

মঙ্গলবার (১০ মার্চ )দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এ তথ্য জানান।

অভিযোগ অনুযায়ী, জুলাই গণ–অভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আসামি ও চট্টগ্রাম–৬ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর পরিবারের কাছে জামিনের ব্যবস্থা করার বিনিময়ে এক কোটি টাকা দাবি করেছিলেন প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার। হোয়াটসঅ্যাপ কথোপকথনের অডিও রেকর্ডে এমন দাবি উঠে এসেছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে প্রথম আলো ও নেত্র নিউজ যৌথ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে।

ঘটনাটি জানার পর সংশ্লিষ্ট মামলার কার্যক্রম থেকে সাইমুম রেজা তালুকদারকে সরিয়ে দেন ট্রাইব্যুনালের তৎকালীন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তবে তাঁর বিরুদ্ধে সে সময় অন্য কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি।

এর মধ্যে সোমবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, সাইমুম রেজা তালুকদারের পদত্যাগপত্র গ্রহণ করে তাকে প্রসিকিউটরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি ২০২৪ সালের ৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, সংবাদটি জানার পর তিনি দ্রুত বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করেন। তিনি জানান, আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অভিযোগ আনুষ্ঠানিকভাবে না এলেও প্রসিকিউটরের কার্যালয় থেকে নিজ উদ্যোগে একটি অভ্যন্তরীণ তদন্ত করা হবে।

তিনি আরও জানান, ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর থেকে বিভিন্ন বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে একটি তদন্ত কমিটি গঠনের পরিকল্পনাও রয়েছে। কোনো অনিয়ম পাওয়া গেলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।

উল্লেখ্য, সাইমুম রেজা তালুকদার এর আগে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। ইন্টারনেট গভর্ন্যান্স ও সাইবার নিরাপত্তা বিষয়ে তিনি পরিচিত হলেও ট্রাইব্যুনালে নিয়োগের আগে তাঁর আদালতে মামলা পরিচালনার অভিজ্ঞতা তুলনামূলকভাবে কম ছিল।

 

 

 

Link copied!