ফরিদপুর জেলার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রসুল সামদানী আজাদ। তাঁর নেতৃত্ব, পেশাদারিত্ব এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়েছে। ২৯ এপ্রিল ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
জানা যায়, রসুল সামদানী আজাদ দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরকান্দা থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটে। মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস দমন, চুরি-ডাকাতি প্রতিরোধসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে তাঁর কার্যকর ভূমিকা প্রশংসিত হয়েছে স্থানীয় জনগণের কাছে।
এছাড়া তিনি জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদার করে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। থানায় সেবাগ্রহণে আসা মানুষকে দ্রুত ও আন্তরিক সেবা প্রদান নিশ্চিত করায় তাঁর সুনাম ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা জানান, দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার ফলে তিনি এ সম্মান অর্জন করেছেন। তাঁর এই অর্জন অন্য পুলিশ সদস্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও তারা আশা প্রকাশ করেন।
এদিকে, শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় রসুল সামদানী আজাদকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষ।
রসুল সামদানী আজাদ বলেন, এই স্বীকৃতি আমার একার নয়, এটি আমার থানার সকল সহকর্মীর সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও জনগণের সেবা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।
স্থানীয়দের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে নগরকান্দা থানা এলাকায় শান্তি-শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে।
কালের সমাজ/কে.পি

