ঢাকা সোমবার, ০৯ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২
সাইবার স্পেসে জুয়া, প্রতারণা

৪৪৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

নিজস্ব প্রতিবেদক | মার্চ ৯, ২০২৬, ০১:২৩ পিএম ৪৪৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সাইবার স্পেসে জুয়াসহ অনলাইনে প্রতারণার অভিযোগে জড়িত থাকা ৪৪৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৯ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

এদিন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার সুমন কুমার সাহা এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, সিটি ব্যাংক পিএলসির সাবেক কর্মকর্তা শেখ মো. ওয়াজিহ উদ্দিন অনলাইনে প্রতারিত হয়ে ৫টি হিসাবে মোট ৫১ লাখ ১২ হাজার টাকা নগদ জমা প্রদান করেন মর্মে অভিযোগ পাওয়া যায়। এতদসংশ্লিষ্ট অর্থের সঙ্গে জড়িত এসএম জুনাইদুল হক, ওমর হীত হিটলু, মেহেদী হাসান তালুকদার ও তদসংশ্লিষ্ট ৬১ ব্যক্তিবর্গ এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে তফসিলি ব্যাংকসমূহে পরিচালিত ৫৯৫টি হিসাবে মোট প্রায় এক হাজার ২১২ কোটি টাকা জমা এবং এক হাজার ২০৭ কোটি টাকা উত্তোলন করার নজির পরিলক্ষিত হয়।

লেনদেন পর্যালোচনান্তে হিসাবসমূহে সংঘটিত লেনদেনের সঙ্গে সম্পৃক্ত অপরাধ প্রতারণা, অনলাইন গেমিং, বেটিং বা সাইবার স্পেসে জুয়া, হুন্ডি বা দেশি ও বিদেশি মুদ্রা পাচার, ক্রিপ্টো কারেন্সি ক্রয়-বিক্রয়, শুল্ক ফাঁকির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এসব হিসাবসমূহের অর্থ অবরুদ্ধ করা খুবই জরুরি।

কালের সমাজ/এসআর

Link copied!