ঢাকা বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

শ্রমজীবী মানুষই দেশের প্রধান চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | এপ্রিল ৩০, ২০২৬, ০৭:১৯ পিএম শ্রমজীবী মানুষই দেশের প্রধান চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দেশ-বিদেশের শ্রমজীবী মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি।

মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমজীবী মানুষের প্রতি শুভেচ্ছা জানান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রকাশিত এ বার্তায় তিনি ১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেটের শ্রমিকদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এ বছর মে দিবসের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’ উল্লেখ করে তিনি বলেন, এ ভাবনাকে ধারণ করেই বাংলাদেশসহ বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতিতে শ্রমজীবী মানুষের ভূমিকা অপরিসীম। শিল্প, কৃষি ও অবকাঠামো উন্নয়নের পেছনে তাদের অবদানই প্রধান চালিকাশক্তি। তাই শ্রমিকদের জীবনমান উন্নয়ন, ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলাকে সরকার অগ্রাধিকার দিচ্ছে।

তিনি উল্লেখ করেন, শ্রমবান্ধব নীতি গ্রহণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে শ্রমজীবীদের অবস্থার উন্নয়ন সম্ভব।

বাণীতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শ্রমিক কল্যাণে বিভিন্ন সংস্কার ও উদ্যোগ শ্রমখাতকে শক্তিশালী করেছে এবং বিদেশে শ্রমবাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এছাড়া বিএনপি সরকারের সময়ে শ্রম আইন সংস্কার, মজুরি নির্ধারণ, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠনসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে উল্লেখ করা হয়। পোশাক শিল্পে শ্রমিকদের কল্যাণে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও তিনি মন্তব্য করেন।

বর্তমান সরকারের উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বিভিন্ন কনভেনশন অনুমোদন করেছে এবং সংস্থাটির সঙ্গে সহযোগিতা জোরদার করছে। শ্রমিকদের সময়মতো বেতন-ভাতা প্রদান, ন্যায্য মজুরি নিশ্চিত এবং নারী-পুরুষ সমান মজুরি বাস্তবায়নে সরকার কাজ করছে।

প্রবাসী শ্রমিকদের সুরক্ষায় ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করা হয় বাণীতে।

শেষে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, শ্রমিকদের নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা গেলে একটি সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব হবে। মে দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করেন তিনি।

 

কালের সমাজ/কে.পি


 

Link copied!