পাবনার চাটমোহরে সিএনজি মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে এক কলেজ শিক্ষক নিহত এবং তার স্ত্রী আহত হয়েছেন। নিহত কলেজ শিক্ষক মোঃ হুমায়ুন কবির মুক্তা (৪৭) ভাঙ্গুড়া উপজেলার পাথরঘাটা গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে এবং
ভাঙ্গুড়া সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক। দুর্ঘটনায় তার সহধর্মিণী উর্মি আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা জানান, বুধবার সকালে ভাঙ্গুড়া থেকে একটি সিএনজি যোগে টেবুনিয়ার উদ্দেশ্যে রওনা দেয় শিক্ষক দম্পতি।
তারা চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের উথলী নামক স্থানে ফায়ার সার্ভিস অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোঃ হুমায়ুন কবির মুক্তা তার স্ত্রী উর্মী গুরুতর আহত হয়।
এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার হুমায়ুন কবির জানান, আহত মুক্তার মাথা সহ শরীরের বিভিন্ন অংশ আঘাতপ্রাপ্ত হয়। মুক্তা এবং তার স্ত্রী উর্মিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
. হুমায়ুন কবির মুক্তা কিডনি রোগে আক্রান্ত ছিল, ডায়ালাসিস করার জন্য রাজশাহী যাচ্ছিল। সড়ক দুর্ঘটনার পর গুরুতর আহত .হুমায়ুন কবির মুক্তা বৃহস্পতিবার সকাল ৯:৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মৃত্যুকালে সে তার স্ত্রী,দুইটি মেয়ে সহ অনেক আত্নীয় স্বজন রেখেযান।
কালের সমাজ/কে.পি

