চলতি এপ্রিল মাসের প্রথম ২৯ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ৩ দশমিক ০০২ বিলিয়ন মার্কিন ডলার। গড় দৈনিক প্রবাহ ছাড়িয়েছে ১০ কোটি ডলার, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, মাসের প্রথম ২৯ দিনে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০০ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স।
গত বছরের একই সময়ে এ অঙ্ক ছিল ২৬০ কোটি ৮০ লাখ ডলার। ফলে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৯ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৯২১ কোটি ডলার, যা গত বছরের তুলনায় প্রায় ১৯ দশমিক ৮০ শতাংশ বেশি।
এর আগে মার্চ মাসে দেশে রেমিট্যান্স আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার, যা একক মাস হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ।
চলতি অর্থবছরের অন্যান্য মাসে রেমিট্যান্স প্রবাহ ছিল—ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ডলার, জানুয়ারিতে ৩১৭ কোটি ডলার, ডিসেম্বরে ৩২২ কোটি ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ডলার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ডলার।
অর্থবছরের শুরুর দিকে জুলাই ও আগস্ট মাসেও যথাক্রমে ২৪৭ কোটি ও ২৪২ কোটি ডলার রেমিট্যান্স দেশে এসেছে।
এদিকে, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
কালের সমাজ/কে.পি

