ঢাকা বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা

কালের সমাজ ডেস্ক | এপ্রিল ৩০, ২০২৬, ০৯:১৭ পিএম দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা

আগামী সাতদিনে দেশের চার জেলায় নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সময়ে একটি জেলায় চলমান বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কাও রয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উত্তর-পূর্বাঞ্চলের আকস্মিক বন্যা সম্পর্কিত সাতদিনের ধারণাগত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, ৩০ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকা ও উজান এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। এ সময়ে মোট ১৫০ থেকে ৩৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এর ফলে সুরমা–কুশিয়ারা, ধনু–বাউলাই ও ভূগাই–কংসসহ প্রধান নদীগুলোর পানি সমতল বাড়তে পারে। এতে নেত্রকোনা জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি এবং সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নিম্নাঞ্চলে নতুন করে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাত কমে এলে নদ-নদীর পানি কমে প্রাক-মৌসুমী বিপৎসীমার নিচে নেমে আসতে পারে এবং বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

সংস্থাটি আরও জানায়, গত ২৭ এপ্রিল থেকে ভারী বৃষ্টিপাতের কারণে সুগাই-কংস, সোমেশ্বরী, মথরা ও সুতাং নদী প্রাক-মৌসুমী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে নেত্রকোনা ও হবিগঞ্জের হাওরাঞ্চলে বন্যা পরিস্থিতি বিরাজ করছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকা ও তৎসংলগ্ন উজানে বিগত সাতদিন স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে।

বন্যাহাওরসিলেটসুনামগঞ্জহবিগঞ্জের-খবরনেত্রকোনাআবহাওয়াআবহাওয়ার-খবর
 

কালের সমাজ/কে.পি

Link copied!