ঢাকা বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের ২৮ কোটি টাকার ব্যাংক হিসাব, ওয়েজ আর্নারস বন্ড অবরুদ্ধের নির্দেশ।

জেলা প্রতিনিধি, ফরিদপুর | এপ্রিল ৩০, ২০২৬, ০৮:০১ পিএম সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের ২৮ কোটি টাকার ব্যাংক হিসাব, ওয়েজ আর্নারস বন্ড অবরুদ্ধের নির্দেশ।

সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ৯২ টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছেন। এসব হিসাবে ২৮ কোটি ৩৫ লাখ ১২ হাজার ৩৭৬ টাকা ও ১৬ হাজার ৪১৯ মার্কিন ডলার রয়েছে বলে দুদকের আবেদনের সূত্রে জানা গেছে।

আবেদন থেকে জানা গেছে, ৮৭ হিসাবে ২৭ কোটি ৭ লাখ ৯৬ হাজার ১২১ টাকা এফডিআর করা, একই সঙ্গে পাঁচটি ব্যাংক হিসাবে থাকা ৬৬ হাজার ৩৭৬ টাকা ও ১৬ হাজার ৪১৯ ডলার এবং ১৩ টি ওয়েজ আর্নারস বন্ড এক কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা স্থিতি রয়েছে খন্দকার মোশাররফ হোসেনের। এসব টাকা অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। দুদকের উপ সহকারী পরিচালক সাবিকুন নাহার এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, খন্দকার মোশাররফ হোসেন ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৭৭ টাকা মূল্যের সম্পত্তি অর্জন করে নিজ দখলে রাখেন। ব্যাংক হিসাবের মাধ্যমে ৯৯ কোটি ২১ লাখ ১৮ হাজার ৮৪২ টাকা ও ১১ লাখ ৩৩ হাজার ৮১৬ ইউএস ডলারের অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেন। এসব অভিযোগে গত বছরের ২ জুন মামলা দায়ের করা হয়।এমতাবস্থায় খন্দকার মোশাররফ হোসেনের নামীয় ব্যাংক হিসাব, ওয়েজ আর্নারস বন্ড ও এফডিআরগুলো জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন।

এসব টাকা অবরুদ্ধ না করলে তিনি যে কোন সময় হস্তান্তর ও স্থানান্তর করতে পারেন। তিনি টাকা হস্তান্তর বা স্থানান্তর করলে ভবিষ্যতে রাষ্ট্রের অপ্ররণীয় ক্ষতি হবে।

 

কালের সমাজ/কে.পি

Link copied!