পুলিশ পদকের প্রজ্ঞাপন জারি নিয়ে সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে দাবি করেছে পুলিশ সদর দপ্তর। রোববার (১০ মে) সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ পদকের সরকারি আদেশ (জিও) জারি না হওয়ার কারণ হিসেবে কয়েকটি গণমাধ্যমে জনৈক ঊর্ধ্বতন কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়েছে— ‘রাষ্ট্রপতি বিদেশ যাওয়ায় পদকের জিও করা সম্ভব হয়নি’। পুলিশ সদর দপ্তর স্পষ্ট করে জানিয়েছে, বাংলাদেশ পুলিশের কোনো দায়িত্বশীল কর্মকর্তা এ ধরনের কোনো বক্তব্য দেননি।
পুলিশ সদর দপ্তর আরও জানায়, পুলিশ পদকের প্রজ্ঞাপন জারি সংক্রান্ত প্রয়োজনীয় প্রশাসনিক ও প্রক্রিয়াগত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা প্রজ্ঞাপন জারির আগে কোনো কর্মকর্তাকে উদ্ধৃত করে এ ধরনের অনুমাননির্ভর বক্তব্য প্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট প্রতিবেদনে ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে যে বক্তব্য প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। এ বিষয়ে সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমকর্মীদের অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, পুলিশ সপ্তাহের অনুষ্ঠানের আগ মুহূর্তে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ ও ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ প্রদানের বিষয়টি স্থগিত করা হয়। এই স্থগিতাদেশ ও প্রজ্ঞাপন বিলম্বের কারণ হিসেবেই রাষ্ট্রপতি দেশের বাইরে থাকাকে দায়ী করে কিছু সংবাদ মাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছিল, যা আজ নাকচ করে দিল পুলিশ প্রশাসন।
কালের সমাজ/এসআর

