ঢাকার মিরপুরের কালশী বাউনিয়াবাদ বস্তিতে ঘটে যাওয়া সাম্প্রতিক ভয়াবহঅগ্নিকাণ্ডের ঘটনার পেছনে কোনো গভীর রাজনৈতিক ষড়যন্ত্র বা নাশকতার হাত রয়েছে কি না, সেই শঙ্কা কোনোভাবেই উড়িয়ে দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (৩১ মে) সকালে কালশীর বাউনিয়াবাদ বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।
পরিদর্শনকালে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো অসহায় মানুষের দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং ঢাকা মহানগর উত্তর এনসিপির উদ্যোগে ক্ষতিগ্রস্ত শত শত ছিন্নমূল মানুষের মাঝে জরুরি খাদ্য সামগ্রী ও দুপুরের খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
অগ্নিকাণ্ডের নেপথ্য কারণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, তথাকথিত ‘আগুন সন্ত্রাস’ বা নাশকতার মাধ্যমে বস্তিবাসীদের জোরপূর্বক উচ্ছেদ করার কোনো অপচেষ্টা দেশের মাটিতে বরদাশত করা হবে না।
প্রশাসনের পক্ষ থেকে যেকোনো উচ্ছেদ অভিযান চালানোর আগে অবশ্যই এই নিম্ন আয়ের বস্তিবাসীদের যথাযথ পুনর্বাসন ও আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।
সম্প্রতি কালশী এলাকায় বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও বস্তিবাসীদের মধ্যে ঘটে যাওয়া ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার প্রতি ইঙ্গিত করে তিনি প্রশ্ন তোলেন, উচ্ছেদ অভিযান ঘিরে তৈরি হওয়া সেই ক্ষোভ বা প্রতিহিংসা থেকেই সুপরিকল্পিতভাবে এই আগুন লাগানো হয়েছে কি না, তা নিয়ে জনমনে তীব্র প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে।
এই অগ্নিকাণ্ডের পেছনে যারা কলকাঠি নেড়েছে, তাদের মুখোশ উন্মোচনে একটি উচ্চপর্যায়ের ও নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত কমিটি গঠন করা এখন সময়ের দাবি।
কালের সমাজ/এএইচবি

