ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

কালের সমাজ ডেস্ক | আগস্ট ৩১, ২০২৬, ০৪:৪৩ পিএম স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এই ভোটাররাই আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

সোমবার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিকের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদেরও চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইসি সচিব জানান, ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী খসড়া তালিকা প্রকাশের পর ভোটারদের দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ জন্য যথাক্রমে ফরম-৬, ফরম-৭ ও ফরম-৮ ব্যবহারের বিধান রয়েছে।

এর আগে গত ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। তখন ইসি জানিয়েছিল, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নতুন করে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন ভোটার যুক্ত হয়েছেন।

নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বর থেকে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচন আয়োজন শুরু হতে পারে। এ ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে আরও এক ধাপ এগিয়ে গেল নির্বাচন কমিশন।

 

কালের সমাজ/কে.পি

Link copied!